লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বিলে বালুবাহী ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ পাওয়া গেছে। রোববার সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ভাসমান অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করেন।
বিষয়টি নিশ্চিত করে লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল উদ্দিন জানিয়েছেন, গতকাল রাতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ জেলেদের জালে ভেসে উঠে। সকালে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
এর আগে গত শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার কাট্টলী বিলে দুই নৌযানের সংঘর্ষে দুইজন নিখোঁজ ও স্পিডবোট চালকসহ ৭ জন হয়েছেন। নিখোঁজ এলোমিনা চাকমা (২৫) ও রিটন চাকমা (৩০) বাঘাইছড়ি উপজেলার শিজক কলেজের অধীন উন্মুক্ত বিশবিদ্যালয়ের ডিগ্রী পরীক্ষার্থী ছিল। এদিন দুপুরে বাঘাইছড়ির দূরছড়ি বাজার থেকে রাঙামাটি শহরের উদ্দেশে স্পিডবোটটি ছেড়ে আসছিল।
এদিকে শুক্রবার বিকালের ঘটনায় নিখোঁজ দুই শিক্ষার্থীকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনার দিন ও গতকাল শনিবার পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি। রাতে জেলেদের মাছ ধরার জালেই দুজনের মরদেহ ভেসে ওঠে।
এ বিষয়ে লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন আরো বলেন, মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। আমরা উর্ধ্বতন কর্মকর্তার আদেশ পেলে পরিবারের নিকট লাশদুটি হস্তান্তর করবো।
