একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ না কাটতেই উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আবারও নতুন করে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। যেখানেই কয়েকজন মানুষের জটলা সেখানেই আলোচনা কে হচ্ছেন নৌকার মাঝি। কার হাতে উঠতে পারে নৌকার দায়িত্ব। এমন আলোচনা এখন উপজেলা জুড়ে। সম্ভাব্য প্রার্থীরা দলীয় প্রতীক পেতে দৌঁড়ঝাপ শুরু করেছে অনেক আগে থেকেই। অনেকেই প্রার্থী হতে ইচ্ছুক এমন প্রত্যাশা জানিয়ে দোয়া চাইছেন পরিচিত জনদের কাছে।
এসবকিছুর অবসান ঘটিয়ে কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রতিনিধি চুড়ান্ত করেছে অংসুইপ্রু চৌধুরীর নেতৃত্বাধীন উপজেলা আওয়ামীলীগ। ২৭ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলা রেস্ট হাউজে সম্ভাব্য প্রার্থী ও দলটির উপজেলা পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে দলটির দায়িত্বশীল এক নেতা।
বৈঠকে চেয়ারম্যান পদে সামশুদোহা চৌধুরী, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে অংপ্রু মারমা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জান্নাতুল ফেরদৌসকে নৌকার প্রার্থী হিসেবে চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন এই নেতা।
চেয়ারম্যান পদে সামশুদোহা চৌধুরীকে নৌকা মার্কায় একক প্রার্থী ঘোষণা করায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরীকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন স্ট্যাটাস দিয়েছে নেতাকর্মীরা।
আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থী ছিলো- চেয়ারম্যান পদে ৫, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।
