কাউখালী প্রতিনিধি ॥
রাঙামাটির কাউখালী উপজেলার দুর্গম কজইছড়ি উপরপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পিস্তল, গুলি, চাঁদা আদায়ের রশিদ বই ও ৫০৮০ গাঁজার চারাসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। রোববার ভোরে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে ইউনাউটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর টোল কালেক্টর ও সদস্য নবীন সুন্দর চাকমা (৭৫), রিনয় চাকমা (৩২), নিক্সন চাকমা (২৫) ও গাঁজা চাষী জ্ঞান জোতি চাকমা (৩৫) কে আটক করা হয়।
পুলিশ জানায়, কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দুর্গম কজইছড়ি উপরপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে গাঁজা চাষ ও উক্ত এলাকায় একটি সশস্ত্র গ্রুপ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়ন সদরের ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনীর নেতৃত্বে কাউখালী থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালানো হয়।
এসময় তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল, টুটু রাইফেলের ৭ রাউন্ড, শর্টগানের ৩ রাউন্ড গুলি, ১টি চাঁদা আদায়ের রশিদ বই, ৩টি মোবাইল সেট, ৫ হাজার ও ৫০৮০ পিস গাঁজার চারা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার বর্তমান বাজার মূল্য অনুমানিক ৫ লাখ টাকা বলে জনিয়েছে সংশ্লিষ্টরা।
কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. শহীদ উল্ল্যাহ পিপিএম জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।
