নিজস্ব প্রতিবেদক
হঠাৎ করেই ফের করোনা সংক্রমন বৃদ্ধির ফলে করণীয় নির্ধারনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. বিপাশ খীসা, ডেপুটি সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী, রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর, রাঙামাটি পৌরসভার কাউন্সিলর কালায়ন চাকমা ।
সভায় বক্তারা বলেন, সারাদেশের ন্যায় রাঙামাটিতেও করোনা সংক্রমন বাড়ছে। সংক্রমন যাতে না ছড়াতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেক গ্রহণ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা আরো বলেন, ইদানিং শহরে ফের সংক্রামন বাড়তে শুরু করেছে, এর প্রধান কারণ হচ্ছে মানুষের অসচেতনতা। করোনা পরীক্ষায় পজিটিভ ব্যক্তিকে ওষুধ কিনে নিয়ে যেতে দেখা গেছে। যা রীতিমত ভয়ংকর ব্যপার। সাধারন মানুষ মাস্ক কম পরছে এবং স্বাস্থ্যবিধি মানছেনা। এদের সতর্ক করতে সকলকে এ যোগে কাজ করার আহবান জানান বক্তারা।
সভায় পূর্বের ন্যায় করোনা আক্রান্ত ব্যক্তিদের বাসা লাল পতাকা দিয়ে চিহ্নিত করা,মঙ্গলবার হতে মাস্ক ও স্বাস্থ্যবিধি মানতে জনগণকে বাধ্য করতে মাঠে কাজ করবে প্রশাসন, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে সমাগম হ্রাস করা, স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ বাতিল,বাজারসমূহে জনসমাগত না করতে এবং মাস্ক ছাড়া কোন ব্যক্তিকে গাড়িতে না তোলা এবং পন্য বিক্রয় না করতে বাজার সমিতি ও সিএনজি অটোরিক্সা সমিতিকে নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় মহামারী নিয়ন্ত্রনে সকলের সহোযোগিতা কামনা করেন সভার সভাপতি।
