সাইফুল বিন হাসান ॥
বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ২৯৯ আসনের সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান কমিটির বয়স দীর্ঘদিন হয়ে গেছে। তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই জেলা ছাত্রলীগের সম্মেলন দিতে হবে। আমরা নতুন নেতৃত্ব দেখতে চায়, পরিচ্ছন্ন নেতা দেখতে চায়। শুধু ছাত্রলীগ নয় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগি সংগঠনেরও মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদেরও সম্মেলন হবে বলে জানান তিনি। সোমবার বিকালে রাঙামাটি জেলা ছাত্রলীগের আয়োজনে ক্ষুদ্র-নৃ গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়।
সভায় জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল জব্বারের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জমির উদ্দীন, পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী সহ জেলা আওয়ামীলীগ, বিভিন্ন অঙ্গ সংগঠন ও ছাত্রলীগের সাবেক ও বর্তমান জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দীপংকর তালুকদার আরও বলেন, আমরা যখন শুনি ছাত্রলীগের কর্মীরা অসহায় দরিদ্র মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে, অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করছে তখন তা শুনতে খুবই ভালো লাগে আবার যখন শুনি ছাত্রলীগের কর্মী টেন্ডারবাজি করছে, গ্রুপিং করছে তখন এসব কথা শুনে কষ্ট পায়। তখন আমরা ভাবি এটা কেমন ছাত্রলীগের রূপ, এ ছাত্রলীগ তো আমরা করিনি, এমন ছাত্রলীগ তো আমরা চাইনি।
তিনি আরও বলেন, ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রলীগ কর্মীদের শপথ হতে হবে দুর্নীতির বিরুদ্ধে, ছাত্রলীগ গম, চালের ভাগ কেন চাইবে? এটা চাওয়া তাদের মানাই না। তাদের পরিবারের স্বাবলম্বিতা জন্য তাদের অভিবাবকদেরকে দিতে পারি কিন্তু কোন ছাত্রলীগ নেতা এ ভাগ চাইতে পারে না।’
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ দীপংকর তালুকদার আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যা স্বপ্ন দেখেন তাই বাস্তবায়ন করে দেখান। আমরা বাইরের রাষ্ট্রের কাছে এখন ভিক্ষার ঝুঁড়ি নিয়ে যায় না। আমরা এখন শেখ হাসিনার নেতৃত্বে সফল এবং সাফল্যের দোরগোড়ায় পৌঁছে গেছি।
আলোচনা সভার আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে সভা উদ্বোধন করেন অতিথিবৃন্দ। আলোচনা সভার শেষে অতিথিদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
