ওমর ফারুক মুছা, লংগদু ॥
রাঙামাটির লংগদুতে অবৈধভাবে করাতকল স্থাপন করে এবং বনভূমির গাছ করাত কলে ব্যবহারের দায়ে তিনটি করাতকল সিলগালা ও আর্থিকভাবে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও ঝুম নিয়ন্ত্রণ বনবিভাগ। রোববার লংগদু উপজেলা প্রশাসন ও ঝুম নিয়ন্ত্রণ বনবিভাগের উল্টাছড়ি রেঞ্জ যৌথ উদ্যোগে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের কালুমাঝিরটিলা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি করাত কল সিলগালা করে দেয়া হয়। এছাড়াও তিন করাত কল মালিক মো. আব্দুল হালিম, রফিকুল ইসলাম ও মামুনুর রশীদকে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।
উল্টাছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুর রশীদের উপস্থিতিতে লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাইনুল আবেদীন এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় করাত কল মালিক তিনজনই কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এসময় লংগদু থানা পুলিশ ও বনবিভাগের লোকজন করাত কল তিনটিকে শিকল দিয়ে বেঁধে তালা লাগিয়ে সিল করে দেওয়া হয়।
বনবিভাগ সূত্র জানায়, ঝুম নিয়ন্ত্রন বনবিভাগের উল্টাছড়ি রেঞ্জের আওতাধীন উপজেলার কালু মাঝির টিলা এলাকায় অবৈধভাবে করাত কল বসিয়ে বনবিভাগের গাছ চিরাই করে ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করা হল।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুল আবেদীন জানান, যতদিন বৈধ কাগজপত্র দেখাতে পারবে না ততদিন এই করাত কল বন্ধ থাকবে। অবৈধ করাতকল বন্ধের ব্যাপারে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
