জিয়াউল জিয়া
সারা দেশে করোনার সংক্রমণ বৃদ্ধিতে সরকার কর্তৃক সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। সংক্রমণ প্রতিরোধ, সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা নিতে রাঙামাটিতে জেলা প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সশস্ত্র বাহিনীও।
বৃহস্পতিবার সকাল থেকে শহরের মোড়ে মোড়ে কঠোরভাবে এসব বিধি-নিষেধ বাস্তবায়নে ৫টি মোবাইল টিম মাঠে কাজ করছে।
খুবই জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। আর এ নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কঠোরভাবে এসব বিধি-নিষেধ বাস্তবায়নে পুলিশের পাশাপাশি সশস্ত্র বাহিনীসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলোকেও মাঠে নামানো হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএইচএম মাগ্্ফুরুল হাসান আব্বাসী বলেন, সকাল থেকে সরকারের নির্দেশনা বাস্তবায়নে শহরে ৫টি মোবাইল টিম কাজ করছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, আনসার ও সেনাবাহিনীর সমন্বয়ে লাকডাউন বাস্তবায়নে সব সময় মাঠে থাকবে। তিনি আরও জানান, শহরের প্রবেশ পথগুলোতে সশস্ত্র বাহিনীর কঠোর অবস্থান রয়েছে।
এছাড়া শহরের বিভিন্ন জায়গায় সচেতনতামূলক কার্যক্রমেও অংশ নেয় করোনা প্রতিরোধে গঠিত এই সমন্বয় টিম। এসব সামাজিক দুরত্ব বাড়াতে জনসচেতনতার মাইকিং করা হচ্ছে।
রাঙামাটি গত ২৪ ঘন্টায় নতুন আরও ১৬ জন করোনা পজেটিভ রয়েছে। যাদের মধ্যে রাঙামাটির সদরে ১২ জন, বাঘাইছড়ি ২ জন, কাউখালী ২ জন। এই নিয়ে জেলায় ১৭২২ জন আক্রান্ত রয়েছে।
