রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে একটি ফল বাগানের দেড় হাজার গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের মাহবুব নগর গ্রামে কৃষক আব্দুর রহিমের বাগানে মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে। পূর্ব শত্রুতার জের ধরে এই কান্ড ঘটিয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী কৃষক আব্দুর রহিম। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুর রহিম জানান, প্রায় ১০ একর জায়গা জুড়ে ১৫০০ ফলের গাছ রোপণ করেছিলেন তিনি। বাগানটি পেঁপে, আম এবং মাল্টা ফলের চারা দিয়ে সাজিয়েছিলেন। বাগান পরিচর্যায় ভূমি উন্নয়ন, চারা কেনা, শ্রমিক খরচ ও লিজ মানিসহ সবমিলে প্রায় ১৫ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন তিনি। করোনাকালীন সময়ে পুঁজি না থাকায় ঋণ নিয়ে তিনি এই বাগান করেছিলেন। তাঁর প্রতিবেশী মনির হোসেনের সাথে জমি নিয়ে তার বিরোধ দেখা দেয়। তিনি অভিযোগ করে বলেন, তাঁর প্রতিবেশী মনির বিভিন্নভাবে তার জমি দখলের জন্য চেষ্টা করে আসছে। বিভিন্ন সময় তাকে জমি ছেড়ে দেয়ার জন্য হুমকি দিতেন। জমি ছেড়ে না দেওয়ায় মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে মনির এবং তার সহযোগী হাসান, শান্ত, সুফিয়ানসহ আরো অনেকে তাঁর বাগানের ফল গাছ কেটে ফেলেছেন। বাগানে দেড় হাজার ফলের গাছ ছিলো বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মনির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই ঘটনায় তিনি জড়িত নন।
রামগড় থানা পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র কর জানান, এমন একটি ঘটনা তিনি শুনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
