নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকালে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তার আগে জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসন, বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, সুরাইয়া আক্তার সুইটি, বান্দরবান পুলিশ সুপার জেরীন আখতার, বিভাগীয় বনকর্মকর্তা হক মাহবুব মোর্শেদ, বিভাগীয় বন কর্মকর্তা পাল্পউড মাহমুদুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানায়, সপ্তাহব্যাপী বৃক্ষমেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং অর্কিডের ৪৫টি স্টল স্থান পেয়েছে। মেলায় স্টল খোলা থাকবে প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত। মেলা চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত।
এদিকে উদ্বোধনের পার্বত্য মন্ত্রী মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বৃক্ষ মানুষের জীবন বাঁচায়। পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। গাছ হচ্ছে মানবজাতির পরমবন্ধু। বৃক্ষ শুধুমাত্র আমাদের অক্সিজেন দেয় না, ঘুর্ণিঝড়, তুফানসহ প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা করে। তাই সকলের বেশি বেশি গাছ লাগাতে হবে। প্রয়োজনে একটা গাছ কাটলে, দুইটা গাছ লাগাতে হবে।
