নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের উন্নয়নের জন্য পাহাড়ের শান্তি অবশ্যই প্রয়োজন মন্তব্য করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার বলেন, পাহাড় থেকে অবৈধ অস্ত্রের মহড়া যতদিন বন্ধ হবে না ততদিন উন্নয়ন কাজ ত্বরান্বিত করা যাবে না। তিনি বলে অস্ত্র ও চাঁদাবাজি বন্ধ হলেই পাহাড়ে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠিত হবে। বিদ্যুৎ, ঠেগামুখ স্থলবন্দর, স্কুল কলেজসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড করা সম্ভব হবে।
বুধবার উপজেলা প্রশাসনের কাজের গতি ত্বরান্বিত ও জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে বরকল উপজেলার নতুন উপজেলা ভবনের উদ্বোধন করতে গিয়ে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এ কথা বলেন।
বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিধান চাকমা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, বরকল উপজেলা থানার ইন্সপেক্টর তদন্ত সানজিদ আহমেদ, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, ভাইস চেয়ারম্যান শ্যাম রতন চাকমা, উপজেলা আওয়ামীলীগের সদস্য অংসা সিং মারমা, ৩নং আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে এ ভবনটি নির্মাণ করেন।
