পর্বত ও পার্বত্য এলাকার মানুষের জীবন ও জীবিকার উন্নয়নে অসাধারন ভূমিকা রাখায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডকে ‘ইসিমোড পর্বত পুরষ্কার-২০১৯’ এ ভূষিত করেছে ‘সমন্বিত পর্বত উন্নয়নের আন্তর্জাতিক সংস্থা’ (ইসিমোড)।
মঙ্গলবার বিকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এই তথ্য জানিয়ে উচ্ছাস প্রকাশ করেছেন। আগামী ৫ ডিসেম্বর সংস্থাটির প্রধান কার্যালয় নেপালের রাজধানী কাঠমন্ডুতে এই পুরষ্কার প্রদান করা হবে বলেও জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ১৯৭৮ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড শুরু থেকেই পার্বত্য এই জনপদের মানুষের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। রাঙামাটিতে প্রধান কার্যালয় স্থাপন করে তিন পার্বত্য এলাকার প্রত্যস্ত অঞ্চলে কাজ করা এই প্রতিষ্ঠানটি গত চার দশক ধরে এই অঞ্চলের উন্নয়নে কাজ করছে। বর্তমানে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন সাবেক পার্বত্য সচিব ও বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি নব বিক্রম কিশোর ত্রিপুরা।
