বান্দরবানের আলীকদম উপজেলায় ২ হাজার ১৭০ পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (২২) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাতে উপজেলার নয়া পাড়া ইউনিয়নের নজীর মেম্বার পাড়া থেকে তাকে আটক করা হয়। ইদ্রিস নজীর মেম্বার পাড়ার বাসিন্দা মৃত গোলাম নবীর ছেলে।
সূত্র জানায়, ইয়াবা বেচা-কেনা হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনাবাহিনীর জোনাল স্টাফ অফিসার মেজর জামান ও থানা পুলিশের উপ-পরিদর্শক মো. আজমগীরের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে নজীর মেম্বার পাড়ায় সাড়াশি অভিযান চালায়। এ সময় ২ হাজার ১৭০ পিস ইয়াবাসহ ইদ্রিসকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ বলেন, ‘আটকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’
