নভেল করোনা ভাইরাসের রেডজোন নারায়ণগঞ্জ থেকে দ্বিতীয় দফায় রাঙামাটির লংগদুতে আবারো ফিরলো ৩৪ শ্রমিক। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার ভোরে ট্রাক যোগে লংগদু প্রবেশের সময় টহলরত সেনা সদস্যরা তাদেরকে আটক করে। পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের কাছে শ্রমিকদের হস্তান্তর করা হয়। প্রশাসন তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করেছে।
লংগদুতে প্রবেশ করা এসকল শ্রমিক নারায়ণগঞ্জের বিভিন্ন ইটভাটায় কর্মরত ছিলো। ইট তৈরীর মৌসুম শেষ হলে তারা নিজেদের বাড়িতে ফিরে আসে। করোনা ভাইরাসের কারনে যানবাহন চলাচল বন্ধ থাকায় তাঁরা মালবাহী ট্রাকে করে লংগদু আসেন। শ্রমিকদের সবাই উপজেলার কালাপাকুজ্যা ইউনিয়নের বাসিন্দা।
কালাপাকুজ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা মিয়া বলেন, ‘নারায়ণগঞ্জ ফেরত শ্রমিকদের স্থানীয় কালাপাকুজ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ হতে ৭ দিনের খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।’
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নূর জানান, ‘ দ্বিতীয় দফায় আজ ভোরে আরো ৩৪ জন শ্রমিক লংগদুতে প্রবেশ করে। খবর পেয়ে প্রশাসনের সহযোগিতায় তাদেরকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও শ্রমিকদের বহন করা ট্রাকটিকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে আবারো ৩৪ শ্রমিক লংগদুতে ফিরেছে। স্বাস্থ্য ঝুঁকির কারণে তাদেরকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং শিঘ্রই তাদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হবে। এছাড়াও গত ৪ মে প্রথম দফায় নারায়ণগঞ্জ ফেরত ৯৪ শ্রমিক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে। তাদের মধ্যে ১৪ জনের স্বাস্থ্য পরীক্ষার স্যাম্পল ল্যাবে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, নভেল করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ এলাকা নারায়ণগঞ্জ থেকে গত ৪ মে ৯৪ জন শ্রমিক লংগদুতে প্রবেশ করেছে। তাদের সবাইকে উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এবং স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১৮ মে তাদের কোয়ারেন্টাইন শেষ হবে।
Previous Article৪৬১ নমুনার ২৪৯ রিপোর্ট হাতে,৪ টি ছাড়া সবই নেগেটিভ
Next Article বাইশারী আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীরের ত্রাণ সহায়তা
