রিকোর্স চাকমা
রাঙামাটিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নের লক্ষে ‘ইকোসেফ’ প্রকল্পের জীবিকায়ন উপকারভোগীদের মাঝে নগদ চেক বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট। মঙ্গলবার সকাল ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে রেড ক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের উদ্যোগে মিতিঙ্গাছড়ি কমিউনিটি ও গবঘোনা কমিউনিটির ৭৫ জন সুফলভোগীকে পরিবার প্রতি ৩০ হাজার টাকার নগদ চেক বিতরণ করা হয়।
রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং রাঙামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্টের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, আইসিআরসি প্রতিনিধি, জেলা রেড ক্রিসেন্ট ভাইস চেয়ারম্যান রফিক আহমেদ তালুকদার, ইউনিট লেভেল অফিসার নুরুল করিম, কার্যনিবার্হী কমিটি ও আজীবন সদস্য দানবীর চাকমা, সদস্য মনোয়ারা বেগম, আশীষ দাশ, এনএম জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি দীপংকর তালুকদার বলেন, ‘আপনারা যারা এই অর্থ সহায়তা পেলেন, তারা সকলেই এর সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। আপনারা কেউই অর্থ আত্মসাৎ করলে পরবর্তীতে কেউ আর রেড ক্রিসেন্ট থেকে কোন সুযোগ সুবিধা পাবেন না। আজ যে সহযোগিতা পেয়েছেন তার সঠিক ব্যবহারের মাধ্যমে আপনাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
জানা গেছে, দুইবছর মেয়াদী এই প্রকল্পের মাধ্যমে প্রতি পরিবারকে প্রশিক্ষণ দেওয়া হবে সংশ্লিষ্ট উপজেলায়। পাশাপাশি প্রতি পরিবারকে ত্রিশ হাজার টাকা করে দেয়া অর্থদিয়ে গরু ছাগল বা প্রশিক্ষণপ্রাপ্ত বিষয়ের ওপর উপকরণ কিনে দেয়া হবে। যাতে তারা সে উপকরণের মাধ্যমে উপার্জন করে অর্থনৈতিকভাবে স্ববলম্বী হয়।
