নিজস্ব প্রতিবেদক ॥
খাদ্য বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, অটিজম শিশুদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে পারলে তারাও সমাজের উন্নয়নে এগিয়ে আসবে। তাদেরকে সমাজের বোঝা ভেবে পর্দার আড়ালে রেখে দিলে তবে তারা কখনোই আলোর দেখা পাবে না। তাদের জন্য প্রয়োজন বন্ধুত্বপূর্ণ পরিবেশ। বুদ্ধি প্রতিবন্ধী ছাড়া সরকার সব ধরনের প্রতিবন্ধীদের চাকরি দিয়ে সহযোগিতা করছে। প্রধানমন্ত্রীর তনয়া সায়মা হোসেন অটিজম শিশুদের নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তিনি সকলকে অটিজম শিশুকে নিজের শিশু ভেবে তাদেরকে নিয়ে কাজ করছেন। শনিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে অনুষ্ঠিত অটিজম বিষয়ক কর্মশালার উদ্বোধনকালে দীপংকর তালুকদার এসব কথা বলেন।
তিনি এসময় আরো বলেন, বিশ^ব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ আবারো বেড়েছে। সরকার সহজেই লকডাউনের মত কঠোর বিধিনিষেধে এখনই যাবে না। তবে সকলেই শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে চললে এবং টিকা গ্রহণ করলে এই মহামারী মোকাবেলা সম্ভব হবে।
সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর চেয়ারপার্সন সুবর্ণা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, সোয়াক এর চেয়ারপার্সন সূবর্ণা চাকমা।
বক্তারা বলেন, সরকার অটিজম নিয়ে কাজ করছে। অটিজম শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। যথাযথ প্রশিক্ষণের ও সুবিধা প্রদানের মাধ্যমে তাদেরকেও জনশক্তিতে রুপান্তর করা যাবে। সে বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইট ফর দি ওয়েরফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) এর আয়োজনে শিক্ষক, অটিজম পরিবারে সদস্যসহ বিভিন্ন পর্যায়ের দেড় শতাধিক অংশগ্রহণকারী কর্মশালায় অংশগ্রহণ করেন।
