শুভ্র মিশু ॥
আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় পাহাড়ি জেলা রাঙামাটিতেও অনুষ্ঠিত হবে এই ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে আওতায় জেলায় প্রায় ৮২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই তথ্য দেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
তিনি বলেন, দুর্গম পাহাড়েও যাতে কোনও শিশু ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে সেজন্য আমরা বাড়তি নজর রেখেছি। ক্যাম্পেইন পরে বাড়ি বাড়ি গিয়েও কেউ বাদ পড়েছে কিনা সেটাও খোঁজ নেয়া হবে। ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল গ্রহণের কারণে শিশুমৃত্যু হার ২০শতাংশের নিচে নেমে এসেছে, তাইতো সকল শিশুকে এই ক্যাম্পেইনের আওতায় এনে আগামী বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ গঠন করতে হবে।
এই রাউন্ডে জেলায় ৮২হাজার ৪৯৬জনকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। যার মধ্যে রাঙামাটি পৌর এলাকায় ৬-১১মাস বয়সী ১হাজার ১৬১জন ও ১২-৫৯মাস বয়সী ৯হাজার ৬৬৮জন সহ জেলার ১০উপজেলায় ৬-১১মাস বয়সী ৯হাজার ২৫১জন, ১২-৫৯মাস বয়সী ৭৩হাজার ২৪৫জনকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এই ক্যাম্পেইন পরিচালিত হবে জেলার ১হাজার ৩১৫ কেন্দ্রে। ক্যাম্পইটি সফল করতে কাজ করবেন স্বেচ্ছাসেবী কর্মী ২হাজার ২০১জন, মাঠকর্মী ৪২৯জন, ১ম সারীর তদারককারী ২৪১জন, প্রতিবন্ধি ৬০জন।
মতবিনিময় সভায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো প্রয়োজনীয়তা সম্পর্কে সংবাদকর্মীদের অবহিত করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোস্তফা কামাল।
এতে আরো উপস্থিত ছিলেন দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, প্রবীণ সংবাদকর্মী মো. আলীসহ প্রমুখ।
