বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৭০ হাজার নিষিদ্ধ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্তের গর্জনবুনিয়া এলাকা থেকে পাচারের সময় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটকরা হলেন- আবদুল সালাম (১৯) এবং মোহাম্মদ পেঠান (১৮)। এরা কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ৩ এর সদস্য। আটক রোহিঙ্গাদের কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় প্যাকেটে ৭০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ৩৪বিজিবির নায়েক সুবেদার শহিদুল আলম। আটকের পর তাদের নাইক্ষ্যংছড়ি পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে। মাদক ব্যবসা বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।