১ জুন থেকে চালু হওয়া রাঙামাটি-চট্টগ্রাম সড়কে চলাচলকারি পাহাড়ীকা পরিবহনের ভাড়া ২০০ টাকা থেকে আরো ১০ টাকা কমিয়ে ১৯০ করা হয়েছে বলে জানিয়েছেন এই সড়কে চলাচলকারি বাসগুলোর অভিভাবক সংগঠন রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরি সহসভাপতি ও রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান।
এর আগে এই ভাড়া ২০০ টাকা নেয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। তবে ৮০% ভাড়া বাড়ানোর সরকারি সিদ্ধান্ত ৬০% হওয়ায়, এই পরিবর্তন বলেও জানিয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন, আগের নিয়ম অনুসারেই বাস তার পুরনো শিডিউল অনুযায়ী চলবে। রাঙামাটি ও অক্সিজেন কাউন্টার থেকে। আপাতত পাহাড়ীকা চালু হবে,বিরতিহীন এখনই চালু করা হচ্ছেনা।
‘তবে মাস্ক পরিধান ছাড়া কোন যাত্রীকে বাসে নেয়া হবে না’ জানিয়ে এই পরিবহন নেতা আরো বলেন- করোনা ভাইরাসের কারণে সবাইকে নিজ নিজ স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।
রাঙামাটি-চট্টগ্রাম সড়কের পাশাপাশি কাল সোমবার (১ জুন) থেকে রাঙামাটি-বান্দরবান,রাঙামাটি-খাগড়াছড়ি সড়কেও বাস চলাচল শুরু হবে জানিয়ে শহীদুজ্জামান রোমান আরো বলেন- ‘ পুরনো ভাড়ার সাথে ৬০% সরকার নির্ধারিত নতুন ভাড়া যোগ করে বাসের ভাড়া নেয়া হবে।’
