সাবেক ছাত্রলীগ নেতা মোঃ দিদার আলমকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়ার ঘটনায় রাঙামাটির কোতয়ালি থানায় সাধারন ডায়রি করা হয়েছে। লিখিত অভিযোগে দিদার আলম জানিয়েছেন, গত ১ জানুয়ারি বেলা ১২.২২ মিনিটে ০১৮১৪৭৮২৪৬৪ নাম্বার থেকে অজ্ঞাত ব্যক্তি নিজেকে রাঙামাটির প্রভাবশালী ও ক্ষমতাশালী ব্যক্তি দাবি করে পরিচয় গোপন করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতঃ আমার সরকারি চাকুরি জীবন বিপর্যস্ত করা সহ মারধর ও জীবন নাশ করবে বলে হুমকি প্রদান করে। বারবার পরিচয় জানতে চাইলেও সে পরিচয় জানাতে অপারগতা প্রকাশ করে। তাই জীবন বাঁচাতে ও যে কোন অনাকাংখিত ঘটনা মোকাবেলায় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে সাধারন ডায়রি করছি।’
এই বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা মোঃ দিদার আলম বলেন, আমি ঠিক বুঝতে পারছিনা কে বা কারা এই হুমকি দিয়েছে। তবে আমার ধারণা ছাত্রলীগের সাম্প্রতিক গ্রুপিং এর ঘটনায় ফেসবুকে আমার প্রতিক্রিয়া দেখে ক্ষুদ্ধ কেউ এই কাজ করতে পারে। আমি বিষয়টি খতিয়ে দেখার জন্য আইনশৃংখলাবাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’ রাঙামাটির কোতয়ালি থানায় জমা দেয়া সাধারন ডায়রি নং-৭৮,তারিখ ০২-০২-২০২০।
রাঙামাটির কোতয়ালি থানার ডিউটি অফিসার সাগর বড়ুয়া জানিয়েছেন, একটি অভিযোগ আমরা পেরেছি,সেটি জিডি আকারে গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে উর্ধতনদের পরামর্শের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’
