বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে হত্যা মামলায় এক পাহাড়ীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ ফজলে এলাহী ভূইঁয়া আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন। সাজাপ্রাপ্ত আসামীর নাম মংছাচিং মারমা। তার বাড়ি লামা উপজেলার ত্রিশডেবা পাড়ায়।
আইনশৃংখলা বাহিনী জানায়, লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুরুংঝিরির আগা নামকস্থানে ধারালো অস্ত্রের আঘাতে মাংরক ম্রো’কে হত্যা করা হয়। ২০১৭ সালের পহেলা আগস্ট নিহতের পুত্র মেনতাম ম্রো বাদী হয়ে লামা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ১৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত গ্রেফতারকৃত অভিযুক্ত আসামীকে ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একি সাথে ভিন্ন ভিন্ন ধারায় আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ডের আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী আদালতের পিপি অ্যাডভোকেট ইকবাল করীম বলেন, ছয় বছর আগের একটি হত্যা মামলায় অভিযুক্ত গ্রেফতারকৃত আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একি সাথে হত্যার পর লাশ পাহাড়ী ঝিরিতে ফেলে দিয়ে মামলার আলামত লুকানোসহ বিভিন্ন অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা এবং অর্থদণ্ডের আদেশ দেয়া হয়েছে। রায় ঘোষণার পর আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে।
