কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে রাঙামাটিতে বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশী বাধায় তা পন্ড হয়ে যায়। এসময় নেতৃবৃন্দ পুলিশী ব্যারিকেডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। শনিবার বিকেলে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি দেবজ্যোতি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. সিরাজ ও সাংগঠনিক সম্পাদক মো. ওসমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জুয়েলকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, দেশে গণতন্ত্রের চর্চা না হওয়ায় সরকার যখন যাকেই ইচ্ছে আটক করে জেলহাজতে প্রেরণ করছে। সরকারের সমালোচনা করলেই জেলজুলুম সহ্য করতে হচ্ছে। বক্তারা জুয়েলকে দ্রুত মুক্তির দাবি জানান।
