খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে যৌতুক না পেয়ে গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড ও দুই শ্বশুরকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার(১৬ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহের এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামী হলো নিহত গৃহহবধূ হালিমা বেগমের স্বামী আব্দুর রশীদ(৪২)। যাবজ্জীবন প্রাপ্ত আসামীরা হলেন শ্বশুর সাহেব আলী(৭০) ও মামা শ্বশুর সিরাজুল ইসলাম(৬০)। তাদের দুইজনকে দুইজনকে ৫ লাখ টাকা করে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়।
২০১২ সালের ২৩ এপ্রিল রাতে হালিমা বেগমের হাত পা বেধে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয়। এতে শরীরের বিভিন্ন অংশে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের মা হাসিনা বেগম মাটিরাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। আদালত ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার।
রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ জানান, এই রায়ে আমরা সন্তুষ্ট। এটি ভবিষ্যতে এমন ঘৃণ্য কাজ করার ক্ষেত্রে উদাহরণ হবে।
