লংগদু প্রতিনিধি॥
‘বছর ব্যাপী ফল চাষে অর্থ পুষ্টি দুই-ই আসে’ প্রতিপাদ্য বিষয়ে একদিনের ফল মেলা অনুষ্ঠিত হয় রাঙামাটির লংগদুতে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের মিলনায়তনে মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার জনি রায়।
উদ্বোধন শেষে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত ইউএনও জনি রায়। অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা উদ্যানতত্ববিদ মো. মহিউদ্দিন, সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রতন চৌধুরী প্রমূখ।
সভায় অতিথিরা বলেন, ফল চাষ একটি লাভজনক কৃষি কাজ। দেশে ও বিদেশে ফলের চাহিদা সারা বছর থাকে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে নিরাপদ ফল চাষ করতে পারলে এই খাত থেকে ভালো আয় করা সম্ভব। পাহাড়ের অনেক ফল দেশে বিদেশে পুষ্টির চাহিদা পূরণ করছে। লংগদুতেও প্রচুর ফলের বাগান রয়েছে। বিশেষ করে এখানে কলা, পেঁপে, তরমুজ, আম ও আনারসের ভালো ফলন হয়। লংগদু উপজেলার তরমুজের একটা সুনাম রয়েছে। যা দেশের বাজারে ‘মাইনীর তরমুজ’ নামে পরিচিত। এই সুনামকে ব্যবহার করে আরো মানসম্পন্ন উৎপাদনে কাজ করতে হবে। লংগদুর কৃষি পন্যকে দেশ বিদেশে ব্রান্ডিং পন্যর পরিচয়ে প্রতিষ্ঠিত করতে হবে। কৃষকদের পাশে সরকারের সহযোগিতা নিয়মিত অব্যাহত আছে। ভবিষ্যতেও এই সহযোগিতা চলমান থাকবে।
সভা শেষে মেলা পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় স্থানীয় কৃষকদের বানিজ্যিকভাবে উৎপাদিত আম, আনারস, কাঠাল, কলা, পেঁপে, ড্রাগন, পেয়ারা, বড়ই, জামরুলসহ প্রায় ত্রিশ প্রজাতির দেশি ও বিদেশী ফলের প্রদশৃন করা হয়।
