নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে মাসব্যাপী নারী উদ্যোক্তা বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সাফ গেমসে শিরোপা জয়ী ফুটবলারদের প্রাণঢালা অভিনন্দন। শিরোপা জয়ে পার্বত্য চট্টগ্রামের কন্যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন, এটি পার্বত্যবাসীর জন্য গর্বের। জয়ী টিমের কন্যাদের পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০ হাজার করে টাকা দেয়া হবে। একি সাথে তাদের সংবর্ধনাও দেয়া হবে বলে ঘোষণা দেন মন্ত্রী।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পৌরসভার মেয়র মো: ইসলাম বেবি, পুলিশ সুপার তারিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর, বান্দরবান উইম্যান চেম্বার অব কমার্স ইন্ডাট্রির সভাপতি লালসানি লুসাই, নারী নেত্রী ডনাই প্রু নেলী প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে উইম্যান চেম্বার অব কমার্স ইন্ডাট্রি ও ডিপিএসের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে মাসব্যাপী বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন নারী উদ্যোক্তাদের ৫০টি স্টল স্থান পেয়েছে।
