নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির সাজেক ইউনিয়নের দুর্গম হগরাকিজিং পাড়ার মানুষের জন্য বিশুদ্ধ পানির জন্য ৩২০০ ফুট দীর্ঘ পাইপলাইন বসিয়ে পানি সরবরাহ নিশ্চিত করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।
হগরাকিজিং পাড়ায় প্রায় ২০০ মানুষের বসবাস। পাড়া থেকে ঝিরির পানি প্রায় ৩২০০ ফুট নিচ দিয়ে প্রবাহিত হয়। এতো নিচ ও দূর থেকে পানি সংগ্রহ করতে পাড়ার নারী সদস্যদের অমানুষিক কষ্ট করতে হয়। অনেক সময় পা পিছলে গিয়ে মারাত্মক আহত হয়। ডায়রিয়া ও টাইফয়েড হয়ে মানুষ মারা যায় মাঝেমধ্যে। বিভিন্ন পানিবাহিত রোগ লেগেই থাকে পাড়ায়।
পাড়াবাসীসহ বিভিন্ন ব্যক্তিরা পানি সমস্যা নিরসনের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের কাছে আলাদাভাবে আবেদন করে। সাজেকের কংলাক থেকে প্রায় ২ ঘন্টা হেঁটে এই পাড়ায় যেতে হয় যেখানে কোন নেটওয়ার্ক নেই।
বিদ্যানন্দের প্রধান স্বেচ্ছাসেবক কিশোর কুমার দাস বলেন, দুর্গম পাথুরে এলাকা হওয়ায় এখানে পানির ব্যবস্থা করা সমতলের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি। তিনি বলেন, প্রাকৃতিক বনাঞ্চল নষ্ট করে ফেলা, নির্বিচারে গাছ কাটা ও পাহাড়ে আগুন দেয়ায় দিনে দিনে পানির সংকট তীব্রতর হচ্ছে। এ সংকট কাটাতে পানির উৎসস্থলে বনায়ন ও বাঁশ লাগাতে হবে। এছাড়া দীর্ঘমেয়াদে এ সমস্যার সমাধান করা যাবে না।
