কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সজিবুর রহমান হত্যা মামলার আসামি আব্দুল মালেক ফকিরকে(৬৬) গত বুধবার সিলেট জেলার গোয়াইনঘাট এলাকা হতে গ্রেপ্তার করেছে কাপ্তাই থানা পুলিশ। বৃহস্পতিবার কাপ্তাই থানা পুলিশ প্রেপ্তারকৃত আসামিকে রাঙামাটি আদালতে প্রেরণ করেছেন বলে জানান কাপ্তাই থানার ইনচার্জ মো. নাসির উদ্দিন।
ওসি জানান, ইউপি সদস্য সজিবুর রহমান সজিবকে হত্যার অভিযোগে মামলার অন্যতম আসামি আব্দুল মালেক ফকির গ্রেপ্তার এড়াতে পলাতক ছিলো। কাপ্তাই থানার ওসি(তদন্ত) আকতার হোসেনের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট এলাকা হতে তাকে বুধবার গ্রেপ্তার করে কাপ্তাই থানায় নিয়ে আসেন। এ নিয়ে সজিবুর রহমান হত্যা মামলার মোট নয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
