রাঙামাটি জেলা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক সমীর দত্তের বিরুদ্ধে জমি দখল, অর্থ আত্মসাৎ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে এসব অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে তারই আপন ছোট বোন মনি সেন। রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মনি সেন ও তার দুই মেয়ে উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মনি সেন অভিযোগ করেন, ‘তার মায়ের দেওয়া একটি জায়গা সমীর দত্ত ৫ লক্ষ ৫০ হাজার টাকা বিক্রি করে ২লক্ষ ৮০ হাজার টাকা দিয়ে তাকে একটি জায়গা ক্রয় করে দেয়। অবশিষ্ট ২লক্ষ ৭০ হাজার টাকা সমীর দত্তের কাছে জমা রাখেন তিনি। কিন্তু তার প্রাপ্ত টাকা ও জমির দখল নিতে গেলে সমীরসহ ও তার পরিবারের লোকজন তাকে মারধর করে। আমি তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিচার প্রার্থনা করছি।’
এসময় তিনি আরও অভিযোগ করে বলেন, ‘আমি তাদের অন্যায় অত্যাচার আর সহ্য করতে না পেরে আইনের আশ্রয় নিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। সেখানে যাই সেখানে হুকমি-ধমকি দিচ্ছে। জমি টাকা ও স্বর্ণালংকার পাওয়া তো দূরের কথা; এখন সমীর দত্ত সরকারি দলের (জেলা শ্রমিকলীগের) দায়িত্ব ব্যবহার করে আমার পরিবার পরিজনকে জীবনে মেরে ফেলার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। সমীর দত্ত শুধু আমার সাথে নয় ভেদভেদি এলাকার ডা. সজল থেকে জমিজামা সংক্রান্ত ব্যাপারে প্রায় ৩লক্ষ টাকা আত্মসাৎ করেছে। তার স্ত্রীর দাপটে ভেদভেদি এলাকার অসহায় নিরীহ লোকজন অতিষ্ট হয়ে উঠেছে।’
