রাঙামাটির ঐতিহ্যবাহি সাংস্কৃতিক সংগঠন শিল্পী নিকুঞ্জ’র আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র প্রয়াণ দিবস পালিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের রিজার্ভ বাজার শহীদ আব্দুল আলী একাডেমী মিলনায়তনে প্রয়াণ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শিল্পী নিকুঞ্জ’র সভাপতি ডা. দুলাল দাশ গুপ্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মহিউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আশিষ দাশ গুপ্ত, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক লিটন দেব, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক নন্দন দেবনাথ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী নিকুঞ্জ’র সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার।
সভায় বক্তারা বলেন, তরুণরা যখন অপসংস্কৃতি মধ্যে ডুবে গেছে সে সময় বাংলার-বাঙালির আসল সংস্কৃতি তুলে ধরার জন্য এ প্রয়াস প্রশংসিত। শিল্পী নিকুঞ্জ পথ চলা শুরু করার সময় চারপাশ মাদকাসক্তে ডুবে গিয়েছিলো, তখনই তরুণদের সংস্কৃতিমনা করে তুলতে এবং সুন্দর পথে পথচারী করে তুলতে এ সংগঠনের যাত্রা শুরু হয়।
বক্তারা আরো বলেন, বর্তমান সমাজের তরুণদের বাঙালির সংস্কৃতির প্রতি আরো বেশি আকর্ষণ বাড়াতে, তরুণদের মাধ্যমে সুন্দর সমাজ গড়তে, বাঙালি সংস্কৃতিমনা করে তুলতে, রবীন্দ্র-নজরুলের দেখিয়ে যাওয়া পথে চলতে এবং তাদের রেখে যাওয়া সংস্কৃতি চর্চা করতে আগ্রহ সৃষ্টি করতে হবে। তবেই সুন্দর সমাজ ও দেশ গড়া যাবে। তরুণদের মাঝে দেশপ্রেম সৃষ্টি করা যাবে।
আলোচনা সভার শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ এবং শিল্পী নিকুঞ্জের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
