সৈকত বাবু
জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যুৎ উৎপাদনে ভাটা পড়েছে। বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে দেশজুড়ে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের মাধ্যমে পরিস্থিতির নিয়ন্ত্রণ করতে চাইছে সরকার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার থেকে সময়সূচি মাফিক লোডশেডিং শুরু হয়েছে দেশজুড়ে৷ তবে স্থানীয়ভাবে বিদ্যুৎ বিভ্রাটের সময় তালিকা প্রকাশ না করায় বিপাকে করেছেন রাঙামাটির মানুষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের খরচ আশ্রয়ে ডিজেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন স্থগিত রাখার উদ্যোগ নিয়েছে সরকার। উদ্ভূত সংকট মোকাবিল্য বিদ্যুৎ অপচয় রোধ ও হিমশিম সামাল দিতে আজ মঙ্গলবার থেকে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ মহানগরী ও জেলাগুলোতে ইতোমধ্যেই এলাকাভিত্তিক লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকায় কখন কোন এলাকায় কতক্ষণ বিদ্যুৎ থাকবেনা সেটি উল্লেখ করা থাকে। তবে এক্ষেত্রে পিছিয়ে আছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিপি) রাঙামাটি বিতরণ বিভাগ। মঙ্গলবার সারাদিন শেষে সন্ধ্যাও তালিকা প্রকাশ করেনি বিদ্যুৎ বিভাগ। তবে একটি এলাকাভিত্তিক লোডশেডিংয়ের প্রস্তাব তালিকা কেন্দ্রীয় বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
এদিকে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই টানা ৫-৬ বার লোডশেডিং হয়েছে রাঙামাটির বিভিন্ন এলাকায়। লোডশেডিংয়ের নির্দিষ্ট সময় জানতে না পারায় বিপাকে পড়েছেন গ্রাহক। তীব্র তাপদাহে দুর্ভোগে পড়েছেন পাহাড়ি এই জেলার মানুষ।
জেলা শহরের বনরূপা এলাকার বাসিন্দা তমাল দেব নাথ বলেন, ক্লাস শেষে সন্ধ্যায় বাসায় এসে দেখি বিদ্যুৎ নেই৷ এই গরমের দিনে বাসায় এসেও আলো-বাতাস কোনো কিছুই পাচ্ছি না। হঠাৎই বিপদে পড়ে গেলো মানুষ।
শশী দেওয়ান পাড়ার বাসিন্দা রিকোর্স চাকমা জানান, সকাল থেকেই বিদ্যুৎ যায় আর আসে। দুপুরে দিনে অনেকবার গেলো-এলো। এলাকাভিত্তিক লোডশেডিং দিচ্ছে ভালো কথা। অন্তত মানুষকে সময়-ঘন্টা জানানো দরকার। এতে করে অন্তত মানুষের কিছুটা প্রস্তুতি হলেও থাকবে।
এদিকে এ প্রসঙ্গে জানতে চাইলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিপি) রাঙামাটি বিতরণ বিভাগের নির্বাহী প্রকোশলী মো. জালাল উদ্দীন বলেন, রাঙ্গামাটিতে লোডশেডিং হচ্ছে। আমরা সিডিউল তৈরি করে সেটি চিফ ইঞ্জিনিয়ার (প্রধান প্রকৌশলী) বরাবর পাঠিয়েছি। উনারা অনুমোদন দিলেই সিডিউল প্রকাশ করতে পারব। আশাকরি আজকে রাতের মধ্যে অফিসিয়ালি নির্দেশনা পেয়ে যাব।
