দুর্নীতি দমন কমিশন রাঙামাটি জেলার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহীদ আবদুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ মুছা মাতব্বরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন দুদক রাঙামাটি জেলার উপ পরিচালক নাসির উদ্দিন আহমেদ। স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ মুসলেম উদ্দিনের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক হাজী মোঃ নজরুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে জেলাপ্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, শিক্ষা অর্জনের পাশাপাশি নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তুলতে হবে। ছাত্র জীবন থেকেই নিজেকে সৎ পথে পরিচালিত করলে সে বড় হয়ে কখনো দুর্নীতির সাথে জড়াতে পারেনা। তিনি শিক্ষার্থীদের দুর্নীতির সাথে কোনো প্রকার আপোস না করার এবং দুর্নীতিকে ঘৃণা করার আহবান জানান।
আলোচনা সভার আগে জেলাপ্রশাসক সদ্য উদ্বোধন হওয়া সততা স্টোর ঘুরে দেখেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ, খাতা ও স্কেল তুলে দেয়া হয়।
