রাঙামাটি শহরের একটি পরিপাটি ও সকল সুবিধা সম্বলিত শীতাতপ নিয়ন্ত্রিত অডিরমটোরিয়াম ছিল বাংলাদেশ পর্যটন কর্পোরেশন রাঙামাটির নিয়ন্ত্রনাধীন মিলনায়তনটি। সুন্দর এ মিলনায়তনটি এখন পরিণত হয়েছে অনেকটা পরিত্যক্ত হিসেবে। পর্যটন কর্পোরেশন হলিডে কমপ্লেক্সও এ অডিটোরিয়ামকে ব্যবহার করছে স্টোর রুম হিসেবে। প্রায় ২৫০ জন ধারণক্ষমতা সম্পন্ন হল রুমটি রাঙামাটির সবচেয়ে উন্নতমানের হলরুম হিসেবে বিবেচিত হতো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, অডিটোরিয়ামের প্রবেশ মুখে রাখা হয়েছে পুরোনো নষ্ট হয়ে যাওয়া বেশ কিছু কাঠ। বাইরে তালা দেয়া থাকলেও ভিতরে নিরাপত্তা রক্ষায় নিরাপত্তা কর্মী থাকে। পর্যটনের স্টোর রুম হিসেবে ব্যবহার করে হচ্ছে। পর্যটন হলিডে কমপ্লেক্সের কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে প্রায় সাত বছর ধরে অডিটোরিয়ামটি বন্ধ আছে। যা বর্তমানে স্টোর রুম হিসেবে ব্যবহার হয়। এমন একটি সুন্দর অডিটোরিয়াম নষ্ট হওয়ায় রাঙামাটির মানুষজন ভালো মিলনায়তন ব্যবহার থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনই পর্যটন কর্তৃপক্ষও বঞ্চিত হচ্ছে আয় থেকে।
স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, আমরা নিয়মিত পর্যটনে আসি আগে দেখতাম প্রায় সময় অনেক অনুষ্ঠান হতো এমনকি বিভিন্ন সিনেমার শুটিং হতেও দেখেছি এ অডিটোরিয়ামে। অনেকদিন ধরেই দেখছি অডিটোরিয়ামটি অকেজো পড়ে আছে।
রাঙামাটি পৌরসভার ৪নং মিজানুর রহমান বাবু বলেন, রাঙামাটির সবচেয়ে ভাল আধুনিক মান সম্পন্ন অডিটোরিয়াম ছিল এটি। কি কারণে এটি অকার্যকর অবস্থায় আছে জানি না, তবে অডিটোরিয়ামটি চালু হলে আমাদের সবার জন্য উপকার হবে।
রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, ২০১২ সালের পর থেকে আমরা আর অডিটোরিয়াম চালু করতে পারি নাই। মন্ত্রণালয়কে ডিও লেটারও দেয়া হয়েছে সংস্কারের জন্য।
