রাঙামাটির নানিয়ারচরের উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমার নির্মম হত্যাকান্ডের বিচার দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি জেলা আইনজীবী সমিতি। রোববার ১১টায় জেলা জজ-কোর্টের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর এডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, সিনিয়র আইনজীবী জ্ঞানেন্দু বিকাশ চাকমা, এডভোকেট পরিতোষ দত্ত, এডভোকেট দুলাল সরকার মোক্তার আহম্মদ ও প্রতীম রায় পাম্পুসহ সমিতির সকল আইনজীবী ও আইনজীবি সহায়কগণ উপস্থিত ছিলেন।
শক্তিমান চাকমা হত্যার বিচার দাবি জানিয়ে বক্তারা বলেন, রাজনীতি করলেই বিরোধী মতবাদ থাকবে, তাই বলে একেবারে খুন করতে হবে এমন রাজনীতিকে ঘৃনা করতে হবে আমাদের। হত্যার ৭২ ঘণ্টার পর এখনো মামলা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, আজ পরিবার খুনিদের বিরুদ্ধে মামলা করার সাহস পাচ্ছে না। মামলা হলে আইনজীবী সমিতি এডভোকেট শক্তিমান চাকমার মামলার বিরুদ্ধে রাঙামাটির কোনও আইনজীবী দাঁড়াবে না বলে ঘোষণা করেছেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নিজ কার্যালয়ে যাওয়ার পথে গুলিতে নিহত হন নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (এমএনলারমা)’র সহ-সভাপতি এডভোকেট শক্তিমান চাকমা। পরদিন তাঁর শেষকৃত্যে যোগ দিতে যাওয়ার সময় নিহত হন আরো ইউপিডিএফ-গনতান্ত্রিক এর প্রধান তপনজ্যোতি চাকমা বর্মাসহ পাঁচজন।
