লামা প্রতিনিধি
প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে দেশব্যাপী অসহায় ও দুস্থ মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহায়তা করে চলেছে। এ ধারাবাহিকতায় সোমবার দুপুরে বান্দরবানের আলীকদম সেনাবাহিনীর উদ্যোগে লামা উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া ইউনিয়নের ১০০ কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনজুরুল হাসান, গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে গজালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সহায়তা হিসেবে দেয়া হয় চাল, আটা, ডাল, লবণ, খেজুরসহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
খাদ্যসামগ্রী প্রদানকালে আলীকদম সেনাবাহিনীর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনজুরুল হাসান বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার প্রদত্ত বিধিনিষেধ অনুসরণে কার্যকরী ভূমিকা গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী মানবিক সহযোগিতা প্রদান করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এলাকায় শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।
