রাঙামাটির লংগদু উপজেলার গলাছড়ি এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি একে-৪৭ রাইফেল, ১টি যুগোস্লাভিয়ান রাইফেল ও ১টি চাইনিজ রাইফল। এছাড়া ১৫২ রাউন্ড তাজাগুলি, ৪টি ম্যাগজিন, ৫টি মোবাইল ফোন, ৪ জোড়া সামরিক পোশাকসহ বিপুল সরঞ্জাম ও ইউপিডিএফের নথিপত্র।
সেনাবাহিনীর লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল আলীম চৌধুরীর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়েছে বলে জানান সেনা কর্মকর্তারা।
এদিকে লংগদু থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম জানান, লংগদু সদর ইউনিয়নের গোলাছড়িতে কয়েক দিন ধরে ১৫-১৬ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছিল। গোপন তথ্যে বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান পরিচালিত হয়। কিন্তু যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা মাইনি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে ভোর ৪টার দিকে তাদের আস্তান থেকে ওইসব আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
