লংগদু প্রতিনিধি
পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকরা এলাকার চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত যুবকরা উপজেলার গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকার আবুল হোসেনের ছেলে সোহাগ(৩১), এবং একই ইউনিয়নের পূর্ব জালালাবাদ এলাকার আজগর আলীর ছেলে জাফর আলী (২৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লংগদু থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার বিকালে লংগদুর ভাইট্টাপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করে।
অভিযানে নেতৃত্ব দেওয়া পুলিশ কর্মকর্তা এসআই শাহাবুর আলম জানান, আটক দুই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা নিয়মিত এইপথে গাঁজা নিয়ে গুলশাখালী যাতায়াত করেন। আজ গাঁজা নিয়ে মোটরসাইকেল যোগে গুলশাখালী ফেরার পথে ভাইট্টাপাড়ায় তাদের সাথে থাকা ব্যাগে গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, লংগদু থানা পুলিশের একটি টিমের অভিযানে প্রায় দুই কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে। তারা দুজনই পাশের গুলশাখালী ইউনিয়নের বাসিন্দা। আটক দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
