লংগদু প্রতিনিধি ॥
১৯৭১ সালের ভয়াল ২৫ মার্চ কালরাতের গণহত্যা স্মরণে স্মৃতিচারণ ও আলোচনা সভা লংগদুতে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লংগদু উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাইনুল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরবিন্দ চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, বীর মুক্তিযোদ্ধা শাহ নেওয়াজ চৌধুরী প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি জনগোষ্ঠীর স্বাধিকারের দাবিকে চিরতরে মুছে দিতে ঢাকায় চালানো ওই হত্যাযজ্ঞের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সার্চলাইট’। একাত্তরের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সামরিক বাহিনী ঠান্ডা মাথায় নিরস্ত্র, নিরপরাধ ও ঘুমন্ত সাধারণ বাঙালির ওপর যেভাবে হত্যাযজ্ঞ চালিয়েছিল, তা পৃথিবীর ইতিহাসে অন্যতম গণহত্যার নজির। ২০১৭ সাল থেকে এ দিনটি ‘গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করা হচ্ছে। ২৫ মার্চ নির্মম হত্যাযজ্ঞের পর সারা দেশের মানুষ ঝাপিয়ে পড়ে মহান মুক্তিসংগ্রামে। স্বাধীন বাংলাদেশের বয়স এখন ৫০। এখনো আমাদের নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস জানে না। তাদেরকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সৎ ও দেশপ্রেমিক নাগরিকের বিকল্প নাই।
সহকারি শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানের পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা যোবায়ের হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বজল ইসলাম চৌধুরী, আমার বাড়ি আমার খামার প্রকল্প কর্মকর্তা রফিকুল ইসলাম, উপআনুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মীর জুননুন আলমসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।
