লংগদু প্রতিনিধি ॥
সারা দেশের মতো রাঙামাটির লংগদুতেও খোলা বাজারে চাল বিক্রি শুরু করেছে খাদ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে উপজেলার মাইনীমূখ ও লংগদু বাজারে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বারেক সরকার বলেন, দরিদ্র মানুষের জন্য এই কর্মসূচি বর্তমান সরকারের একটি বিশেষ ব্যবস্থা। সরকার ভর্তুকি দিয়ে সাধারণ মানুষের পাশে আছে। সারা বিশ্বে অর্থনৈতিক যে মন্দা শুরু হয়েছে তার প্রভাব বাংলাদেশেও পড়েছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে খোলা বাজারে চাল বিক্রি একটি কার্যকর পদ্ধতি।
উপজেলায় দুজন ডিলারের মাধ্যমে প্রতিদিন চার মেট্রিক টন চাল বিক্রি করা হবে বলে জানা যায়। একজন ব্যক্তি ৩০ টাকা দরে মোট পাঁচ কেজি চাল কিনতে পারবেন। সে হিসাবে প্রতিদিন আটশ মানুষ এ সুবিধা পাবেন বলে জানায় খাদ্য অধিদপ্তর।
উপজেলা খাদ্য কর্মকর্তা মনিময় চাকমা বলেন, সপ্তাহে পাঁচদিন এবং মাসে ২২ দিন হিসাবে আগামী তিন মাস এই কর্মসূচী চলমান থাকবে। এখানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সাধারণ মানুষ ৫ কেজি হারে ৩০ টাকা মূল্যে চাল কিনতে পারবেন।
সরেজমিনে উপজেলার ডিলার পয়েন্ট দুটি ঘুরে দেখা যায় এখানে ক্রেতাদের সমাগম বেশ। নিন্ম আয়ের মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তরাও খোলা বাজারের চাল কিনছেন। ক্রেতারা জানান, বাজারের তুলনায় এখানে কেজিতে ১৫ টাকার মতো সাশ্রয় হচ্ছে। তবে উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কর্মসূচি চালু করা হলে সাধারণ মানুষ বেশি উপকৃত হবে।
খাদ্যবান্ধব এই কর্মসূচির উদ্বোধনে এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, খাদ্য কর্মকর্তা মনিময় চাকমা, ট্যাগ অফিসার সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য ফারুক আহামেদ।
