নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
রাঙামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের রাঙ্গিপাড়া এলাকায় পেঁপে চাষি আমির হোসেন এর স্বপ্নের পেঁপে বাগানের প্রায় পাঁচ শতাধিক পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে গাছগুলো কেটে ফেলা হয়।
রাঙ্গীপাড়া এলাকার বাসিন্দা মোঃ আমির হোসেনের জানায়, মঙ্গলবার রাতের বেলায় প্রায় দু একর জায়গার পাঁচ শতাধিক পেঁপে গাছ কেটে দিয়েছে অসাধু ব্যক্তিরা। গত বছর আমি নিজ জমিতে একশত চারা রোপণ করে প্রায় তিন লক্ষ টাকার মত লাভবান হই। সেই আশা করে এবছরও জমি বর্গা নিয়ে ধার দেনা করে প্রায় এক হাজার পেঁপে চারা রোপণ করি। অনেক টাকা ব্যয়ে বাগানটি সাজানো হয়েছিলো, কিছু কিছু গাছে ফুল ফল আসতে শুরু করছে। কিন্তুগত রাতে প্রায় পাঁচ শতাধিক পেঁপে গাছ কর্তন করে ফেলে। সকালে আমি বাগানে এসে এমন দৃশ্য দেখে স্থানীয় মেম্বার, জনপ্রতিনিধি, চেয়ারম্যানসহ তার একান্ত সহকারীকে ঘটনা জানাই। তারা ঘটনাস্থলে এসে দেখে যান। তারা আমাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন।
এই ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান আব্দুর রশিদ ঘটনা নিশ্চিত করে বলেন, এই ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। এমন জঘন্য কাজের নিন্দা জানাই এবং পাশাপাশি দুষ্কৃতকারীদের চিহ্নিত করার কাজ চলছে।
