লংগদু প্রতিনিধি
রাঙামাটির লংগদুতে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের শপথ পাঠ করান। এর আগে গত ৬ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়।
বুধবার উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। এই পরিষদের মাধ্যমেই সরকার জনগনের কল্যানে কাজ করেন। সরকারের প্রতিনিধি হয়ে চেয়ারম্যান ও সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার মাধ্যমে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করবেন। আপনারা চাইলে দায়িত্বের পাঁচ বছরে ইউনিয়ন পরিষদের ব্যাপক উন্নয়ন সম্ভব। দরিদ্র ও অসহায় মানুষের কল্যানের পাশাপাশি যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আহ্বান করেন বক্তারা।
অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুবে ইলাহী, লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান কুলিন মিত্র চাকমা আদু, বগাচত্বর ইউপি চেয়ারম্যান আবুল বশর, গুলশাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল, আটারকছড়া ইউপি চেয়ারম্যান অজয় মিত্র চাকমা, ভাসান্যাদম ইউপি চেয়ারম্যান হযরত আলী, কালাপাকুজ্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে লংগদু উপজেলার সাতটি ইউনিয়নে ভোটগ্রহন সম্পন্ন হয়। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকে তিনজন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারজন চেয়ারম্যান নির্বাচিত হয়।
