বান্দরবানের রুমায় বিজিবির সঙ্গে অস্ত্রধারী সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থল অস্ত্র গুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার রুমা উপজেলার গালেগ্যা ইউনিয়নের জয়তং পাড়া এলাকায় পাহাড়ের অরণ্যে অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এসময় দু’পক্ষের মধ্যে থেমে থেমে কিছুক্ষণ গুলি বিনিময় চলে। এক পর্যায়ে টিকতে না পেরে সন্ত্রাসীরা পিছুহটে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা ১টি একে-৪৭রাইফেল ম্যাগজিন’সহ উদ্ধার করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজিবি ৩৩ ব্যাটিলিয়নের কমান্ডার লে: কর্নেল মোহাম্মদ হাবিবউল হাসান পিএসপি জানান, পাহাড়ের অরণ্যে অস্ত্রধারী সন্ত্রাসী চাঁদাবাজ একটি অবস্থান করছে খবর পেয়ে বিজিবি পেট্রল দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবি পাল্টা গুলি বর্ষন করলে দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়। ঘটনাস্থল থেকে গুলিসহ একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।