রামগড় প্রতিনিধি
মেয়র পদে নির্বাচন ছাড়াই নানা আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। ভোটকে ঘিরে সরগরম রামগড়ের পাড়া মহল্লা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে এবার মেয়র এবং ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহন হবে না। প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় বেসরকারিভাবে মেয়রপদে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রফিকুল আলম কামাল এবং ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মোহাম্মদ শামীমকে বিজয়ী ঘোষণা করা হয়। রামগড় পৌরসভায় এবার ৮টি ওয়ার্ডে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন নির্বাচন করবেন।
রামগড় ১নং ওয়ার্ড বল্টুরাম টিলা এলাকার কাউন্সিলর প্রার্থী আব্দুল হক জানান, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সাধারণ মানুষ পূর্বে থেকে অনেক সচেতন। মাদক এবং শোষণমুক্ত সমাজ গড়ে তুলতে তিনি সকলের সহায়তা চান। নির্বাচিত হলে জনসাধারণের মৌলিক চাহিদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।
রামগড় সদর ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আফছার জানান, নির্বাচিত হলে গরীব এবং অসহায় মানুষের পাশে থাকতে চান। ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বার্থে পুরো এলাকায় সড়কবাতি এবং শৌচাগারের সুবিধা নিশ্চিত করবেন। সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবেন বলে জানান তিনি ।
রামগড় পৌরসভার ৭, ৮ এবং ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী আনোয়ারা বেগম জানান, অধিকার আদায়ে জনগণের পাশে থাকবেন। তিনি দাবি করেন ভোটাররা কর্মগুণেই তাকে ভোট দিবেন। বিগত দু’বারের মতো এবারও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।
রামগড় সদর ৯নং ওয়ার্ডের ভোটার কংচাইরী মারম বলেন, নির্বাচন আসলে প্রার্থীরা শুধু প্রতিশ্রুতি দিয়ে বেড়ান। নির্বাচনে জয়ী হওয়ার পর তাদের খুঁজে পাওয়া যায় না। বিপদে পাশে থাকবেন এমন একজন যোগ্য প্রার্থীকে ভোট দিবেন বলে জানান তিনি।
সোনাইপুল ৮নং ওয়ার্ডের ভোটার সাদমান শাকিব জানান, তিনি একজন নবীন ভোটার। প্রথমবারের মতো ভোট দিবেন, তাই চট্টগ্রাম থেকে এসেছেন।
উপজেলা সহকারী রির্টানিং অফিসার দেবাশিষ দাস জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। গোলযোগের কোন সম্ভাবনা নেই। রামগড় পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৮৬১জন ও নারী ভোটার ১০ হাজার ২৫ জন।
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। বিজিবি, আনসার, পুলিশ ও র্যাব মোতায়েন আছে।
