রামগড় প্রতিনিধি ॥
রামগড় উপজেলায় চলতি অর্থবছরে ১ম পর্যায়ে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের আওতায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি(ইজিপিপি) প্রকল্প চালু হয়েছে। শনিবার ১নং রামগড় ইউপি’র মুসলিম পাড়া ও ২নং ইউপি’র নাকাপা গ্রামীণ রাস্তাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, ১নং ইউপি সদস্য সচিব বিজয় চাকমা ও ২নং ইউপি’র সচিব মো. মিজানুর রহমান এবং ১ও ২নং ইউপি’র সদস্য-সদস্যাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
রামগড়ে চলতি অর্থবছরে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান(ইজিপিপি) ৪০ দিনের কর্মসূচির আওতায় ২টি ইউনিয়নের রাস্তাসহ বিভিন্ন স্থানে মাটি ভরাটের কাজ বাস্তবায়নের লক্ষ্যে ২৬৩ শ্রমিক কাজ করছেন। প্রতিজন শ্রমিক গড়ে চারশত টাকা হারে ৪০ দিনে মোট ১৬ হাজার টাকা করে পাবেন বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী জানান। উক্ত দুই ইউপি’র উন্নয়ন কাজে তদারকি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস ও সমাজ সেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম।
