রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) ফেনী নদীর রামগড় সীমান্তে ১৪০টি উদ্ধারকৃত কচ্ছপ অবমুক্ত করেছে। শনিবার রামগড় ব্যাটালিয়নস্থ কয়লার মুখ বিজিবি চেকপোস্টে সকাল ১০টার সময় সন্দেহ করে একটি মাহেন্দ্রগাড়ি তল্লাশি চালিয়ে ৩টি বস্তাভর্তি ১০০কেজি ওজনের ১৪০টি কচ্ছপ উদ্ধার করে। পরে উদ্ধারকৃত কচ্ছপগুলি বন্য প্রাণী সংরক্ষণ আইনে জব্দ করে জোন সদরে নিয়ে আসে বিজিবি।
এদিকে উদ্ধারকৃত কচ্ছপগুলো বিজিবি’র নায়েক সুবেদার ইউসুফ মিয়ার নেতৃত্বে শনিবার বিকেল ৪টার সময় রামগড় বিজিবি বিশেষ ক্যাম্প সংলগ্ন ফেনী নদীতে অবমুক্ত করা হয়। বড়-ছোট বিভিন্ন সাইজের কচ্ছপগুলি পাহাড়ের কোন জলাশয় থেকে চট্টগ্রামের নাজিরহাট বাজারে বিক্রির জন্য নেয়া হচ্ছিল বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।
