রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে ভারতীয় শাড়িসহ মো. ইব্রাহিম মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে রামগড় থানার পুলিশ। রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশের একটি দল খাগড়াছড়ি-রামগড় সড়কের নাকাপা বাজারের বুদংছড়া নামক স্থানে অভিযান চালিয়ে জাম্বুরা ভর্তি (বাতাবি লেবু) একটি পিকআপে (ফেনী ড-১১-০৫০৪) তল্লাশি চালিয়ে জাম্বুরার বস্তার নিচে লুকিয়ে রাখা ভারতীয় ১০ বস্তা শাড়ী (২শত পিচ) ও ২শ ৫০ পিচ থ্রিপিচ জব্দ করে। জব্দ ভারতীয় শাড়ির মূল্য আনুমানিক ১৩ লক্ষাধিক টাকা। আটক ব্যক্তি রামগড় উপজেলার পাতাছড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
থানার ওসি (তদন্ত) রাজিব কর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে রামগড় থানা পুলিশ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জব্দ মালামালসহ পিকআপ ও আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।
