রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে রবিবার বিকাল সাড়ে ৪টায় ফেনী নদীর মন্দির ঘাটে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার যুবকের নাম লগডুং কুমার ত্রিপুরা(২২)। সে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তেকুম্বা পাড়ার বাসিন্দা নবীন কুমার ত্রিপুরার ছেলে।
পুলিশ জানিয়েছে, মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তি গত ২ সেপ্টেম্বর শুক্রবার থেকে নিখোঁজ ছিল। বহু খোঁজাখুঁজি পর কোথাও না পেয়ে নদীর পার ধরে তল্লাশি চালিয়ে তার বড় ভাই রশি কুমার ত্রিপুরা ও মামা পদ্মরায় ত্রিপুরা রামগড় মন্দির ঘাট অংশে ভাসমান অবস্থায় লগডুং কুমারের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশের উপ-পরিদর্শক সামসুল আমীন লাশ থানায় নিয়ে আসে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি পানিতে ডুবে মারা গেছে। পরবর্তী আইনগত বিষয়ে প্রক্রিয়াধীন বলে জানান।
ওসি (তদন্ত) রাজিব কর বলেন, খোঁজ নিয়ে জানা গেছে মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তির মৃগী রোগ ছিল। অর্ধগলিত লাশটি মাটিরাঙ্গার অভ্যা এলাকা থেকে ভেসে আসে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
