খাগড়াছড়ির রামগড় থেকে একটি বেসরকারি কোম্পানির বিপনন কর্মকর্তাসহ ২জনকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে রামগড়ের যৌথ খাবার এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানা যায়।
জানা গেছে, ফেনী থেকে প্লাস্টিক মালামাল নিয়ে একটি পিকআপ(ফেনী ন-১১১৪১) রামগড়ের যৌথ খাবার এলাকায় পৌছালে ৩/৪জনের একদল দুর্বৃত্ত তাদের গাড়িতে থাকা বিপনন কর্মকর্তা মঞ্জুরুল আলম(৩৫) ও রাজু মিয়া(২৭) নামে দুজনকে ধরে নিয়ে যায়। এসময় গাড়িটির চাবিও নিয়ে যায়। ঘটনার পরপর সেখানে সেনাবাহিনী ও পুলিশ পৌঁছায়। স্থানীয় সূত্র মতে, এই ঘটনায় ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করা হলেও এ বিষয়ে সুনির্দিষ্ট কোন বক্তব্য পাওয়া যায়নি।
রামগড় থানা অফিসার ইনচার্জ মো: শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গেছে। অপহৃতদের উদ্ধারে অভিযান চলছে।
