সুহৃদ সুপান্থ
২৩ মার্চ ভিসি হিসেবে নিয়োগ পাওয়ার সাত দিনের মাথায় ২৯ মার্চই ফিরতি এক চিঠিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে যোগ দিতে নিজের অপারগতার কথা জানিয়ে দিয়েছেন ড. আব্দুল্লাহ আল ফারুক। দায়িত্ব নেয়ার আগেই ‘অসম্মতি’ জানিয়ে ইতিহাস গড়লেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ৩০ মার্চের নির্বাচনে ডিন হিসেবে নির্বাচিত হওয়া এই মেধাবী শিক্ষক।
পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে নিজের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে মেধাবী এই শিক্ষক বলছেন,‘ শুরুতে আমি ব্যক্তিগতভাবে খুবই আগ্রহী ছিলাম দায়িত্ব নেয়ার বিষয়ে। কিন্তু পারিবারিক কিছু ইস্যুর কারণে আমার পক্ষে এই কঠিন দায়িত্বটি পালন করা সম্ভব হবেনা বিধায় আমি দায়িত্ব নিবনা বলে মন্ত্রনালয়কে জানিয়েছি।’
ড. ফারুক বলছেন, তবে আমি দায়িত্ব নিতে না পারলেও আমি বিশ্ববিদ্যালয়টির জন্য শুভকামনা জানাই এবং চাই একজন যোগ্য ও সৎ ব্যক্তি ভিসি হিসেবে নিয়োগ পাক।’
‘বিষয়টি শুনেছেন’ জানিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. কাঞ্চন চাকমা বলছেন,‘ আমরা স্যারে নিয়োগে খুবই খুশি হয়েছিলাম,তিনি দায়িত্ব না নেয়ায় হতাশও হলাম। স্যারের হয়ত কোন যৌক্তিক কারণ আছে। এখন দেখা যাক,মন্ত্রনালয় কাকে আবার নিয়োগ দেয়। আমরা অপেক্ষা করব।’
এর আগে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষ করে বিদায় নিয়েছেন প্রতিষ্ঠাকালিন ভিসি ড. প্রদানেন্দু চাকমা। তৃতীয় মেয়াদে নিয়োগ পাওয়ার আকাক্সক্ষা থাকলেও ‘নিয়ম বহির্ভূত’ সেই পথে হাঁটেনি সরকার,ফলে পূরণ হয়নি আলোচিত এই ভিসি তৃতীয়বারও নিয়োগ পাওয়ার স্বপ্ন। এরই মধ্যে ২৩ মার্চ শিক্ষা মন্ত্রনালয় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ড. আব্দুল্লাহ আল ফারুককে ভিসি হিসেবে নিয়োগ দেয়। ড. ফারুক ৩০ মার্চ অনুষ্ঠিত বিশ^বিদ্যালয়ের ডীন নির্বাচনে আইন অনুষদের ডিন হিসেবে নির্বাচিত হন। নির্বাচনের একদিন আগেই ২৯ মার্চ মন্ত্রনালয়ে পাঠানো এক চিঠিতে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে যোগ দিতে নিজের অনিহার কথা জানিয়েছেন তিনি।
Previous Articleজেলা পরিষদের বৈসাবি র্যালি ৪ এপ্রিল
Next Article ‘অনুতপ্ত’ রহিম ‘অনুকম্পা’ চান
