নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য জেলা রাঙামাটির প্রবেশমুখে বিদেশি পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। রবিবার রাঙামাটির প্রবেশ মুখ রাবার বাগান এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান, পিএসসি। রাঙামাটি জেলা পরিষদ প্রায় এক কোটি টাকা ব্যয়ে রাঙামাটির প্রবেশমুখ রাবার বাগান চেক পোস্ট এলাকায় এ পর্যটক সহায়তা কেন্দ্র নির্মাণ করে।
এসময় রাঙামাটি জোন কমান্ডার লে. কর্নেল বিএম আশিকুর রহমান, পিএসসি, রাঙামাটি রিজিয়নের জিটু আই মেজর মো. নাজমুল হাসান, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙামাটি জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী বিরল বড়–য়া, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অংক্যজ চৌধুরী উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলের ঘুরতে আসা সকল বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা বাহিনীর ভূমিকা অপরিসীম। বিদেশি পর্যটকরা রাঙামাটিতে নিরাপদে প্রবেশ করার শুরু থেকে ফিরে যাওয়া পর্যন্ত এই পর্যটক সহায়তা কেন্দ্র তাদের সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে।
