রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটা স্থাপন করার অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শেখ ছাদেক ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন এবং পরিবেশ আইনে ‘বিআরবি ব্রিকস’ নামে ভাটাটির জরিমানা করেন।
এসময় রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মদ খান, উপজেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা রবিউল আওয়ালসহ আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শেখ ছাদেক জানান, ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন এবং পরিবেশ আইনে পাহাড় কেটে অবৈধভাবে ইটভাটার স্থাপনের অপরাধে ভাটা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাহাড় কাটাসহ পরিবেশ বিপর্যয় হয়; এ ধরণের কোনো তৎপরতায় জড়িতদের ছাড় দেয়া হবে না। এসব বিষয়ে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, পরিবেশ আইনের তোয়াক্কা না করে রাঙামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়ক লাগায়ো খোরাইম্রংপাড়া এলাকায় ‘বিআরবি ব্রিকস’ নামে ইটভাটাটি স্থাপন করেছে সাধন দত্ত ও মো. আজিজ দুই নামের ব্যবসায়ী। প্রায় ৯০ ডিগ্রী অ্যাঙ্গেলে খাড়া করে পাহাড় কাটার কারণে যে কোনো সময় পাহাড় ধসে পরিবেশ বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা রয়েছে। এনিয়ে পাহাড়ের জনপ্রিয় অনলাইন পাহাড় টোয়েন্টিফোর ডটকমে ‘রাজস্থলীতে পাহাড় কেটে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা’ এই শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরই নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।
