বান্দরবানে ১৪১তম বোমাং রাজপূণ্যাহ উপলক্ষে মৌজা হেডম্যান ও কার্বারিদের সমন্বয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলার অরুণ সারকী টাউন হল অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বান্দরবান বোমাং সার্কেলের চিফ বোমাংগ্রী উ চ প্রু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার খন্দকার মো: শাহিদুল এমরান, (এ.এফ.ডব্লি¬উ.সি,পিএসসি), জেলা ও দায়রা জজ লা মং,পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম,হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক টি মং প্রু, সংর্বধনা আয়োজক কমিটির আহ্বায়ক ক্য শৈ অং হেডম্যান, সদস্য সচিব উ নি হ্লা হেডম্যানসহ বান্দরবানে ১০৯টি মৌজার হেডম্যান ও কার্বারিরা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াই চ প্রু মাস্টার, রাজকুমার চসিংপ্রু বনিসহ বিভিন্ন সরকারি বেসরকারি উর্ধতন ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
সভায় বক্তরা বোমাং সার্কেলের নানাবিধ সমস্যা, ভূমি দখল ও হেডম্যান কার্বারিদের বেতন বৃদ্ধিসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন এবং সমস্যা সমাধানে সকলের সহযোগিতা ও কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে। শুধু প্রশাসন সব করবে এমন ভাবলে ভুল হবে। পার্বত্য এলাকার শান্তি শৃংখলা রক্ষায় রাজা,প্রজা ও হেডম্যান কারবারীদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে, আর তাতেই সকলের উন্নয়ন ত্বরান্বিত হবে।
প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, সারা বছরই আমাদের হেডম্যান ও কার্বারিদের কাজ করতে হবে। শুধু রাজমেলা আসলে বিভিন্ন সমস্যার কথা বললে হবে না। ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন ও সামাজিক রীতিনীতি রক্ষা এবং বিচার ব্যবস্থা সুরক্ষিত রাখতে আমাদের হেডম্যান ও কার্বারিদের সকল ভাষা জানতে হবে এবং এর চর্চা চালিয়ে যেতে হবে। হেডম্যান ও কার্বারিদের কয়েকদিন পরপর মতবিনিময় সভা করতে হবে এবং বিভিন্ন সভা সেমিনার করে পাড়াভিত্তিক শান্তি শৃঙ্খলার উন্নয়ন করে যেতে হবে। এসময় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি হেডম্যান ও কার্বারিদের সামাজিক উন্নয়নে অংশগ্রহণের জন্য সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।
সভা শেষে ৩০০ নং আসনের এমপি বীর বাহাদুর উশৈসিংকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয়ায় বান্দরবান বোমাং সার্কেল হেডম্যান এসোসিয়েশনের পক্ষ থেকে এক সংবর্ধনা প্রদান করা হয়।
পরে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর রাজমেলার জন্য ১লক্ষ টাকা অনুদান ও অফিসে ব্যবহারের জন্য দুইটি কম্পিউটার প্রদান করেন।
